রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর প্রশাসক আবদুস সালাম।
সোমবার (১৬ মার্চ) জাতীয় ঈদগাহ-এর সার্বিক প্রস্তুতি পরিদর্শনে এসে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে বৃষ্টি হলে সময় পরিবর্তন করা হতে পারে।
প্রশাসক আবদুস সালাম জানান, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন। গরমের বিষয়টি বিবেচনায় রেখে ঈদগাহের কিছু অংশে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া পর্যাপ্ত ফ্যান ও লাইটের ব্যবস্থাও থাকবে।
তিনি আরও বলেন, মুসল্লিদের সুবিধার্থে ওযুখানা, ভ্রাম্যমাণ টয়লেট এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি নারীদের জন্য আলাদা প্রবেশ পথের ব্যবস্থাও করা হয়েছে।
প্রশাসক জানান, এ বছর প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। তাই ঢাকার নাগরিকদের নির্ধারিত সময়ে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের নামাজে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি মুসল্লিদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়ে বলেন, ঈদগাহে প্রবেশের সময় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে—এমন কোনো বস্তু সঙ্গে না আনার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
জাতীয় ঈদগাহের প্রস্তুতি পরিদর্শনের সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।



