জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদনের একটি সহজবোধ্য বই তৈরি করে দেশের মানুষের জন্য উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে আট খণ্ডের প্রতিবেদন হস্তান্তর করেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা। প্রতিবেদনে কমিশনের সুপারিশ, সভা ও কার্যবিবরণীর বিস্তারিত বিবরণ অন্তর্ভুক্ত রয়েছে।
প্রতিবেদন গ্রহণের পর প্রধান উপদেষ্টা বলেন,
‘এই প্রতিবেদন সাধারণের সহজবোধ্য সংস্করণে প্রস্তুত করতে হবে। বই আকারে প্রকাশ করতে হবে যাতে সাধারণ মানুষ, স্কুল–কলেজের শিক্ষার্থীরা পড়ে বুঝতে পারে এবং অন্যদেরও বুঝাতে পারে।’
তিনি আরও বলেন, বইটি বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই প্রকাশ করা উচিত। ভবিষ্যতে বইটি যেন শিক্ষার্থীদের জন্য অবশ্যপাঠ্য গ্রন্থে পরিণত হয়, সেটিও বিবেচনায় রাখতে হবে।
‘তরুণ প্রজন্ম বইটি পড়বে, নিজেরা জানবে এবং এতে কী আছে তা তাদের মা–বাবাকেও জানাবে,’—বলেন প্রধান উপদেষ্টা ইউনূস।
প্রতিবেদন হস্তান্তরকালে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
প্রফেসর আলী রীয়াজ বলেন,
‘আট খণ্ডের এই প্রতিবেদনে জুলাই জাতীয় সনদ ২০২৫, কমিশনের কার্যপ্রক্রিয়া, প্রেক্ষাপট, বিভিন্ন রাজনৈতিক দলের লিখিত প্রস্তাবনা, সাধারণ মানুষের মতামত, এবং সংলাপের বিস্তারিত অন্তর্ভুক্ত রয়েছে।’
তিনি আরও জানান, ‘আমাদের বিশ্বাস, এই প্রতিবেদন ভবিষ্যতে দেশে–বিদেশে গবেষণার জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে ব্যবহৃত হবে।’
এর আগে, মঙ্গলবার কমিশন সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।



