26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

ভূমিকম্পে রাজধানীতে তিনজনের মৃত্যু, আগুন–আহতসহ ছড়িয়ে পড়েছে আতঙ্ক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সকাল ১০টা ৩৮ মিনিটে আঘাত হানা ভূমিকম্পে তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে ধারণা পাওয়া যায়, মাধবদী (নরসিংদী) কেন্দ্রিক ৫.৭ মাত্রার এই ভূমিকম্পে ঢাকার বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি ও আতঙ্ক সৃষ্টি হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, পুরান ঢাকার আরমানিটোলার কসাইটুলিতে একটি আটতলা ভবনের পাশের দেয়াল ও কার্নিশ থেকে ইট-পালেস্তারা খসে নিচে পড়ে। নিচে গরুর মাংসের দোকানে থাকা ক্রেতা ও পথচারীরা এতে আহত হন। স্থানীয় লোকজন তাঁদের দ্রুত মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তিনজনকে মৃত ঘোষণা করেন এবং ১০ জন আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন বলে নিশ্চিত করেছেন হাসপাতালের এএসআই জাকারিয়া হোসেন।

এ ছাড়া খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে একজন আহত হওয়ার খবর দিয়েছে ফায়ার সার্ভিস। ভূমিকম্পের প্রভাবে বারিধারা এফ ব্লকের একটি বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুনের উৎস ভূমিকম্প কি না, তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

রাজধানীর বিভিন্ন স্থান থেকে ভবন হেলে পড়ার খবর এলেও বেশির ভাগ ক্ষেত্রেই আতঙ্ক থেকে এসব ফোন এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পুরান ঢাকার স্বামীবাগে আটতলা একটি ভবন হেলে পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেছে। একইভাবে কলাবাগানে একটি সাততলা ভবন হেলে পড়ার অভিযোগে মোহাম্মদপুর ফায়ার স্টেশন ইউনিট পাঠানো হয়—তবে ভবন স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে—এমন খবর পাওয়ার পর স্যাটেলাইট ফায়ার স্টেশন তা পরিদর্শন করে। তবে কোনো ক্ষয়ক্ষতি পাওয়া যায়নি।

ঢাকার বাইরে মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি বাড়িতে আগুন লাগে। গজারিয়া ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পটিকে ‘মাঝারি মাত্রার’ বলে উল্লেখ করেছে। হঠাৎ এই কম্পনে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিস জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জরুরি সহায়তা অব্যাহত রয়েছে।

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles