বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনে বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্রের মা, আমাদের জাতীয় অভিভাবক আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
তিনি বলেন, খালেদা জিয়ার মৃত্যু একটি অপূরণীয় ক্ষতি, যা জাতি কোনোদিন পূরণ করতে পারবে না। ‘যে নেত্রী তাঁর সমগ্র জীবন জনগণের অধিকার আদায় ও কল্যাণের জন্য উৎসর্গ করেছিলেন, আজ তিনি আমাদের মাঝে নেই—এটা ভাবতেই পারছি না,’ বলেন তিনি।
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আজ বাংলাদেশের রাজনীতিতে শুধু নয়, গণতান্ত্রিক আন্দোলনেও এক বিশাল শূন্যতা সৃষ্টি হলো।’
তিনি শোকসন্তপ্ত জাতির প্রতি গভীর সমবেদনা জানান এবং খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।



