27 C
Dhaka
Thursday, June 11, 2026

খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক, জানাজার দিন সাধারণ ছুটি ঘোষণা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং তাঁর জানাজার দিনে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এই ঘোষণা দেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ। দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। এই শোকের মুহূর্তে তাঁর পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত নেতা–কর্মী ও সমর্থকের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে গভীর সমবেদনা জানান প্রধান উপদেষ্টা।

অধ্যাপক ইউনূস বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে।’

তিনি আরও বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব জাতিকে বারবার গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে মুক্তির পথ দেখিয়েছে। দেশ ও জাতির প্রতি তাঁর অবদান চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

শোকাবহ এই সময়ে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সবাই যেন মহান আল্লাহর দরবারে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং জাতীয় ঐক্য বজায় রাখেন। একই সঙ্গে শোকের এই সময়ে কোনো ধরনের অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা ঠেকাতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘নামাজে জানাজাসহ সব ধরনের শোক পালনকালে শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। আবেগ সংবরণ করে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছি।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, শোকাহত এই সময়ে সবাই যেন ধৈর্যের পরিচয় দেন এবং জানাজাসহ সব আনুষ্ঠানিকতা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেন।

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles