আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারকে কেন্দ্র করে ভারতের সঙ্গে ‘গোপন বৈঠক’ হয়েছে—এমন সংবাদকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ব্যাখ্যামূলক পোস্ট দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (____) সকাল ৯টা ১৯ মিনিটে দেওয়া ওই পোস্টে শফিকুর রহমান জানান, গত বুধবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের সঙ্গে যোগাযোগ নিয়ে প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বাস্তব ঘটনাই তুলে ধরেছেন।
ফেসবুক পোস্টে জামায়াত আমির লেখেন, গত বছরের মাঝামাঝি সময়ে অসুস্থতা থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার পর দেশ-বিদেশের বহু ব্যক্তি তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। সে সময় অন্যান্য দেশের কূটনীতিকদের পাশাপাশি ভারতের দুজন কূটনীতিকও সৌজন্য সাক্ষাৎ করতে তাঁর বাসায় যান। অন্যান্য কূটনীতিকদের মতো তাঁদের সঙ্গেও সাধারণ আলাপ হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
শফিকুর রহমান আরও বলেন, ওই সাক্ষাতের বিষয়টি প্রকাশ্যে আনার ব্যাপারে তিনি আগ্রহী ছিলেন এবং তা গণমাধ্যমে জানানোর কথাও বলেছেন। তবে ভারতের ওই কূটনীতিকরা তখন বিষয়টি প্রকাশ না করার অনুরোধ করেছিলেন। এ বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, ভবিষ্যতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট কোনো আনুষ্ঠানিক বৈঠক হলে তা অবশ্যই প্রকাশ্যে আনা হবে এবং সেখানে গোপনীয়তার কিছু নেই।
ফেসবুক পোস্টে শফিকুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, কিছু দেশীয় গণমাধ্যম বিষয়টি যাচাই না করেই ‘ভারতের সঙ্গে জামায়াত আমিরের গোপন বৈঠক’ হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি এ ধরনের সংবাদ পরিবেশনের তীব্র নিন্দা জানান এবং ভবিষ্যতে প্রকৃত তথ্য না জেনে বিভ্রান্তিকর খবর প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থান ও কূটনৈতিক যোগাযোগের বিষয়ে স্বচ্ছতা বজায় রাখাই তাঁদের নীতি, এবং এ বিষয়ে কোনো কিছু গোপন রাখার প্রশ্নই ওঠে না।




