জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের প্রতি স্যালুট জানিয়ে দেশজুড়ে আলোচিত হওয়া রিকশাচালক সুজন এবার জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কার্যালয় থেকে ঢাকা-৮ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
ঢাকা-৮ (পল্টন, মতিঝিল, শাহবাগ, রমনা) আসনে ইতোমধ্যে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সেই অভিজাত আসনেই এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন সাধারণ মানুষের প্রতিনিধিত্বকারী সুজন।
মনোনয়ন নেওয়ার কারণ ব্যাখ্যা করে সুজন বলেন, “ঢাকা-৮ এলাকায় আমি জুলাই আন্দোলনে সক্রিয় ছিলাম। এখানকার মানুষের সঙ্গে আমার সম্পর্ক আছে। তাই এই আসন থেকেই মনোনয়ন নিয়েছি।” এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি বিষয়টি নিশ্চিত করেছে।
জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের প্রতি সুজনের স্যালুটের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এর পর থেকে তিনি ব্যাপক জনপ্রিয়তা এবং জনসমর্থন অর্জন করেন। সেই জনপ্রিয়তাকেই শক্তি হিসেবে নিয়ে নির্বাচনে ভালো ফলের আশা করছেন তিনি।
এর আগে একই দল থেকে জুলাইয়ে মারাত্মকভাবে আহত আরেক আন্দোলনকারী খোকন চন্দ্র বর্মণও মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। বর্তমানে চিকিৎসার জন্য তিনি রাশিয়ায় রয়েছেন।



