মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা। নারী কাবাডি বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠে অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে লাল-সবুজের দল। আজ থাইল্যান্ডকে ৪০-৩১ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালের টিকিট পায় বাংলাদেশ।
রেফারির শেষ বাঁশিতে শুরু হয় রুপালি-বৃষ্টিদের উদ্যাপন। লাল-সবুজ পতাকা হাতে কোর্ট প্রদক্ষিণ করে দর্শকদের অভিবাদনের জবাব দেন তাঁরা—বিশ্বকাপের প্রথম পদক নিশ্চিতের আনন্দে উচ্ছ্বসিত পুরো দল।
শুরু থেকেই দারুণ লড়াই করে বাংলাদেশ। প্রথমার্ধে রেইডার শ্রাবণী মল্লিক চোট নিয়ে মাঠ ছাড়লে একসময় উদ্বেগ তৈরি হয়। তবে কয়েক মিনিট পর মাঠে ফিরে এসে গুরুত্বপূর্ণ রেইডে পয়েন্ট তুলে দলকে ১৪-১২ ব্যবধানে এগিয়ে নেন তিনি।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। শ্রাবণীর ধারাবাহিক সফল রেইডে ব্যবধান বাড়তে থাকে। থাইল্যান্ড শেষ দিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও স্বাগতিকদের জয় আটকাতে পারেনি।
এদিন আরেক ম্যাচে নেপালকে ৩৯-১১ পয়েন্টে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে গত আসরের রানার্সআপ ইরান।
ঘরের মাঠে দুর্দান্ত সূচনা করেছিল বাংলাদেশ। প্রথমে উগান্ডা, এরপর জার্মানিকে হারিয়ে জয় ধরে রাখে তারা। ভারতের বিপক্ষে তৃতীয় ম্যাচে হারলেও শেষ পর্যন্ত সেমিফাইনালে জায়গা পায় মেয়েরা।
এবারই দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে নারীদের কাবাডি বিশ্বকাপ। এর আগের আসরে (২০১২) শিরোপা জিতেছিল ভারত, আর বাংলাদেশ থেমেছিল কোয়ার্টার ফাইনালে। এবার সেই সীমা পেরিয়ে দেশের মেয়েরা লিখলো নতুন ইতিহাস।



