26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

পোস্টাল ভোটে রেকর্ড আগ্রহ: নিবন্ধন শেষ, দেশ-বিদেশে ভোটার ১৫ লাখ ছাড়াল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য দেশ ও দেশের বাইরে নিবন্ধনের সময়সীমা শেষ হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম শেষ হয়। শেষ সময় পর্যন্ত মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন।

‘পোস্টাল ভোট বিডি’র তথ্য অনুযায়ী, দেশের ভেতরে থেকে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন ভোটার। অপরদিকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন প্রবাসী বাংলাদেশি

প্রবাসী ভোটারদের মধ্যে ১২৩টি দেশ থেকে নিবন্ধন সম্পন্ন হয়েছে। এর মধ্যে সৌদি আরব থেকে সর্বাধিক ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন প্রবাসী পোস্টাল ব্যালটে ভোট দিতে নাম নিবন্ধন করেছেন।

উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম শুরু হয় গত ১৯ নভেম্বর। এ ব্যবস্থার আওতায় প্রবাসী ভোটারদের পাশাপাশি দেশের ভেতরে তিন শ্রেণির ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পান। তারা হলেন—নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটাররা।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর নিবন্ধিত ভোটাররা ডিজিটাল প্ল্যাটফর্মে নিজ নিজ আসনের প্রার্থী তালিকা, নাম ও প্রতীক দেখে পছন্দের প্রার্থীকে ‘টিক’ চিহ্ন দিয়ে ভোট দিতে পারবেন। ভোট দেওয়ার পরদিন থেকেই ফিরতি ডাকযোগে ব্যালট পাঠানোর কার্যক্রম শুরু হবে

নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, পোস্টাল ভোটে বিপুলসংখ্যক ভোটারের অংশগ্রহণ নির্বাচনী ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি, যা ভোটাধিকার প্রয়োগে নতুন দিগন্ত উন্মোচন করবে।

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles