ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা থেকে অন্য ভেন্যুতে, বিশেষ করে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আবেদন জানাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠাবে বিসিবি।
সম্প্রতি বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আগামী মাসে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচই কলকাতায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
শনিবার অনলাইনে বিসিবির জরুরি বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন,
‘আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে কলকাতায় তিনটি ম্যাচ রয়েছে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রেক্ষিতে আমরা আইসিসিকে চিঠি দিয়ে বিষয়টি জানাব।’
বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও প্রকাশ্যে দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিসিসিআই ‘সাম্প্রতিক পরিস্থিতি’র কথা উল্লেখ করে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরানোর ব্যাখ্যা দেওয়ায় এই শঙ্কা আরও জোরালো হয়েছে।
ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল লেখেন,
‘আমি বিসিবিকে পুরো বিষয়টি আইসিসিকে ব্যাখ্যা করতে বলেছি। যেখানে চুক্তিবদ্ধ হয়েও একজন বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে পারে না, সেখানে পুরো বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে গিয়ে নিরাপদ বোধ করবে—এটা ভাবা কঠিন।’
তিনি আরও জানান, বিসিবিকে তিনি নির্দেশ দিয়েছেন যেন বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানানো হয়। পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করার অনুরোধও করেছেন বলে জানান তিনি।
বিসিসিআইয়ের সিদ্ধান্তের পর কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করেছে, তারা ২০২৬ আইপিএলের জন্য মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে। গত মাসে আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কেকেআর। তবে ভারতের ধর্মীয় ও রাজনৈতিক বিভিন্ন মহল থেকে এ সিদ্ধান্ত নিয়ে বিরূপ প্রতিক্রিয়া আসে বলে জানা গেছে।
বর্তমান সূচি অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। আগামী ৭ ফেব্রুয়ারি ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করার সূচি রয়েছে বাংলাদেশের।
এদিকে শুক্রবার বিসিবি ২০২৬ সালের হোম সিরিজের সূচি ঘোষণা করেছে, যেখানে ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজও অন্তর্ভুক্ত রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে সেই সিরিজ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।



