ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়ে আত্মবিশ্বাসী বার্তা দিলেন বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরী। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে চমকপ্রদ দুটি গোল করেও জয় থেকে বঞ্চিত হওয়ায় হতাশ ছিলেন তিনি। তবে সেই হতাশা ঝেড়ে ফেলে নতুনভাবে লড়াইয়ের প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন হামজা।
গত বৃহস্পতিবার নেপালের বিপক্ষে ২–২ ড্রয়ে ওভারহেড কিক ও পানেনকা শটে গোল করে আলোচনায় ছিলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তবুও শেষ মুহূর্তের গোল হজমে জয় না পাওয়ায় মন খারাপ হয়েছিল তাঁর। ম্যাচ শেষে ইনস্টাগ্রামে হামজা লেখেন, ‘আরেকটি ম্যাচের হতাশাজনক সমাপ্তি…যেটা আমাদের জেতা উচিত ছিল।’
তবে ভারতের বিপক্ষে আজকের ম্যাচকে সামনে রেখে বদলে গেছে দৃশ্যপট। লেস্টার সিটি থেকে ইংল্যান্ডের বিভিন্ন শীর্ষ লিগে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন উদ্যমে মাঠে নামবেন বলে জানিয়েছেন হামজা। গতকাল রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘বড় ম্যাচের সব প্রস্তুতি শেষ! আপনাদের দারুণ উচ্ছ্বাস অনুভব করার অপেক্ষায় আছি।’
এশিয়ান কাপ বাছাইয়ে আজ রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। হামজার অভিষেক ম্যাচ থেকেই গ্যালারি উপচে পড়ছে সমর্থকে। আজও তার ব্যতিক্রম হচ্ছে না। ম্যাচের টিকিট মুক্তি পাওয়ার মাত্র ৬ মিনিটেই সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি শেষ হয়েছে।
হামজা তাই দর্শকদের উপস্থিতিকেই বড় শক্তি মনে করছেন, ‘যেমন ভালোবাসা পেয়েছি, আজও সেই সমর্থন চাই।’
বাংলাদেশ দলও তাঁর আত্মবিশ্বাসী পারফরম্যান্সের ওপরই রাখছে বড় ভরসা।



